টাঙ্গাইল-আরিচা মহাসড়ক সম্প্রসারণ করতে সড়কের দুই পাশের গাছ কাটা হচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। স্থানীয়দের মধ্যেও রয়েছে চাপা ক্ষোভ। তবে নতুন গাছ লাগানোর তাগিদ দিয়েছেন অনেকেই।
শহরের কাগমারী এলাকায় গিয়ে দেখা গেছে, সড়ক সম্প্রসারণ করতে সড়কের দুই পাশের পুরনো গাছগুলো শ্রমিকরা কাটছেন। এই সড়ক সম্প্রসারণে কাটা হবে ১ হাজার ৯টি ছোটবড় গাছ। এর মধ্যে অর্ধশত বছরেরও পুরাতন গাছও রয়েছে। স্থানীয়রা জানান, সড়কের উন্নয়ন করা দরকার। কিন্তু এতো গাছ কাটলে পরিবেশেরও ক্ষতি হবে। ফলে যতটা সম্ভব গাছগুলো রক্ষা করে কাজ করা দরকার।