বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নিজস্ব কারখানায় ‘সেফমেট’ হেলমেট উৎপাদন করছে প্রাণ-আর এফ এল কোম্পানি। নরসিংদীর পলাশে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের কারখানাটিতে এই উৎপাদন কার্যক্রম চলছে। কারখানায় উৎপাদন ক্ষমতা বছরে ১ লাখ ২০ হাজার পিসের বেশি। কারখানাটিতে প্রাথমিকভাবে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
ক্রয়ক্ষমতার মধ্যে উন্নতমানের হেলমেট ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড বাজারে আনতে যাচ্ছে মোটরসাইকেলের হেলমেট।
বৃহস্পতিবার(২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে দেশে প্রথমবারের মতো উৎপাদিত হেলমেটের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন প্রাণ-আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
বর্তমানে দেশে হেলমেটের বার্ষিক বাজার ৫০০ কোটি টাকা। আমদানির প্রায় ৬০ শতাংশ ভারত থেকে এবং বাকি ৪০ শতাংশ চীন থেকে আসে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত বছর দেশে ৬ লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, বর্তমানে দেশে ৪০ লাখ মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে।
আর্থ-সামাজিক অবস্থা, জীবনযাত্রার মানের পরিবর্তনসহ নানা কারণে দেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম জানান, একই কারণে হেলমেটের চাহিদাও বাড়ছে।
তিনি বলেন, ‘আমাদের “সেফমেট” হেলমেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যাডভান্সড এবিএস শেল ও পিসি ম্যাটেরিয়ালে তৈরি। এতে আছে উন্নতমানের বেস্ট ও লকিং সিস্টেম। এ ছাড়া, ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এতে দেওয়া হয়েছে উন্নতমানের ভেন্টিলেশন ব্যবস্থা।’
দেশের চাহিদা মিটিয়ে ‘সেফমেট’ হেলমেট রপ্তানির পরিকল্পনা আছে বলে জানান তৌকিরুল ইসলাম। তিনি আরো বলেন, ‘ইতোমধ্যেই কয়েকজন বিদেশি ক্রেতা কারখানা ঘুরে গেছেন। আমাদের উৎপাদন ব্যবস্থায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।’