নগরকণ্ঠ ডেস্ক
- সোমবার ৩১ জুলাই, ২০২৩ /
পর পর গত দুই মেয়াদে (চার বছর) ভোট না হলেও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। তারপর ২ আগস্ট সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয় সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই সভাপতি হিসেবে জয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। আর চেম্বার গ্রুপের সমঝোতা হওয়ায় শুধু অ্যাসোশিয়েশন গ্রুপে ২৩ পদে লড়ছেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তিনজন। এফবিসিসিআই নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার এ মতিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘আমরা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি।
এ জন্য আমাদের লিখিত রেজল্যুশন রয়েছে। সেই অনুসারেই কাজ করছি। এখন পর্যন্ত কোনো সদস্য থেকে নির্বাচন নিয়ে কোনো অভিযোগ আসেনি।’
ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা মাহবুবুল আলম জানান, দল-মতের ঊর্ধ্বে থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামীর দক্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে তিনি কাজ করবেন।
এ জন্য অগ্রাধিকার দেওয়া হবে ব্যবসা সহজীকরণ, ব্যবসায় খরচ কমিয়ে আনা এবং ক্যাশলেস সোসাইটি উপযোগী ব্যবসাবান্ধব উন্নত পরিবশের প্রতি।
সম্মিলিত ঐক্য পরিষদের প্রার্থী নাদিয়া বিনতে আমিন ও আমিন হেলালী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁরা কাজ করতে চান। এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এ মতিন চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম এবং অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।
এফবিসিসিআইয়ে সর্বশেষ ভোট হয় ২০১৭ সালে, তাও আংশিক। ওই সময় সভাপতি হন শফিউল ইসলাম মহিউদ্দিন। পরিচালক পদে চেম্বার অংশে ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে পণ্যভিত্তিক সংগঠন বা অ্যাসোসিয়েশন অংশে তখন ভোট হয়েছিল।
দুই শতাধিক ‘ভুয়া ভোটারের’ অভিযোগ
এফবিসিসিআই নির্বাচনে দুই শতাধিক ভুয়া ভোটার রয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মোবাইল রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান। শিগগির এই ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও জানান তিনি।