বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
দীর্ঘদিন ধরেই ভালো নেই দেশের সিনেমা বাজার। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক প্রেক্ষাগৃহ। দেড় হাজার থেকে ৬০-এর নিচে নেমে এসেছে দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা। হল মালিকদের ধারণা ছিল বিদেশি তথা হিন্দি সিনেমা আমদানি করলে দর্শক যেমন প্রেক্ষাগৃহে ফিরবে, তেমন সিনেমা হলের সংখ্যা বাড়াতেও প্রদর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে। কিন্তু গত রোজার ঈদের পর বলিউডের বহুল আলোচিত ‘পাঠান’ সিনেমা এনেও প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি। এ কারণে পাঠানের পর নতুন করে বিদেশি সিনেমা আমদানি থেকে বিরত রয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা। দেশের সিনেমা এখন হয়ে গেছে উৎসবকেন্দ্রিক। মূল ধারার তারকাবহুল সিনেমাগুলো মুক্তি দেওয়া হচ্ছে দুই ঈদে। আর তথাকথিত বিকল্প কিংবা মনস্তাত্ত্বিক চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন ফেস্টিভ্যালে।
ঈদ ছাড়া গত বছর একমাত্র ‘হাওয়া’ সিনেমাটিই ব্যবসাসফল হয়। এরপর যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলোই মুখ থুবড়ে পড়েছে। এ কারণে অনেক প্রযোজকই সিনেমা প্রস্তুত করেও কেবলমাত্র লোকসানের ভয়ে মুক্তি দিতে সাহস দেখাননি। একমাত্র ঈদই ছিল তাদের একমাত্র লক্ষ্য। কারণ এই সময় খুলে দেওয়া হয় দেশের শতাধিক প্রেক্ষাগৃহ। কিন্তু চলতি বছর রোজার ঈদে ৮ ছবির পর এবার ঈদুল আজহায় মাত্র ৫ সিনেমা মুক্তি পেলেও শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ একাই দখল করে নেয় ১০৭ প্রেক্ষাগৃহ। স্বাভাবিকভাবেই সিনেমাটি ভালো ব্যবসা করছে। দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা এমনকি অস্ট্রেলিয়াতেও ভালো ব্যবসা করছে হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি। তবে এবার ঈদে শাকিব খানের সিনেমা ছাড়াও আফরান নিশোর সুড়ঙ্গ ও মাহফুজ আহমেদের প্রহেলিকাও বেশ দর্শক টেনেছে। এই দুটি সিনেমাও বাংলাদেশের পাশাপাশি বাইরের দেশে প্রদর্শিত হচ্ছে। বাংলা ছবিতে এরকম দর্শক সমাগম দেখে অনেকেই ধারণা করেছিল দেশীয় চলচ্চিত্রে হয়তো আবার সুদিন ফিরে এসেছে।
কিন্তু ঈদের রেশ কেটে যাওয়ায় আবার সেই পুরনো চেহারায় বাংলা সিনেমা। মূলত ঈদের ছবির জন্য টানা একমাস কোনো সিনেমা মুক্তি পায়নি। ঈদের পর আবার ছবি মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে ঢালিউডে। তবে এসব সিনেমাগুলো কতটা আশার আলো জ্বালাবে চলচ্চিত্র কিংবা দর্শক মহলে তা নিয়ে সংশয়ে রয়েছেন নির্মাতারা। তারপরও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে নতুন ছবির মুক্তির প্রক্রিয়া। জানা গেছে, আগস্ট জুড়ে মুক্তি পাচ্ছে চারটি সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘গোয়িং হোম’, ১৮ আগস্ট ‘আম কাঁঠালের ছুটি’ ও ‘১৯৭১ সেইসব দিন’ এবং ২৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘এম আর নাইন’ সিনেমা। এছাড়া সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অন্তর্জাল’ ও সরকারি অনুদানের ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি ছবি।