রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
এক্স নামে পরিচিতি টুইটারে একাউন্ট ব্লক করার মতো কোনো ফিচার থাকছে না বলে জানিয়েছেন ইলোন মাস্ক। তিনি মনে করেন, কাউকে ব্লক করার কোনো অর্থ হয় না। খবর বিবিসি।
গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং প্লাটফর্মটির ওপর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আলোচনা-সমালোচনায় রয়েছেন মাস্ক। সম্প্রতি পাল্টে ফেলেছেন নামও। সর্বশেষ পরিকল্পনার মধ্যে রয়েছে ‘ব্লকিং ফিচার’।
মাস্ক অবশ্য বলেছেন, এক্স ব্যবহারকারীরা এখনো যেকোনো অ্যাকাউন্ট থেকে সরাসরি বার্তা আসা ব্লক করতে পারছেন।
নতুন এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী বলছেন, এ ফিচার বাদ গেলে টাইমলাইন থেকে অপ্রীতিকর ও অপমানজনক পোস্ট সরানো কঠিন হয়ে দাঁড়াবে। যা হবে অস্বস্তির কারণ।
ধারণা করা হচ্ছে, মাস্কের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। কারণ এক পোস্টে তিনি লেখেন, ‘শতভাগ নীরব করে দিন’। তবে বিশ্লেষকসহ অনেকেই মনে করছেন, ব্লকিং ফিচার বাদ গেলে ডিজিটাল জগতে হয়রানি বাড়বে।
ব্লকিং ফিচার বাদ গেলে আগে ব্লক করা অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আনব্লক হবে কি না তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।