সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে গত ২৪ ঘণ্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২২ হাজার ৮০৫টি যানবাহন চলাচলে এক্সপ্রেসওয়েতে এ টোল আদায় হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। তিনি জানান, প্রথম দিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেট কার।
প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেট পর্যন্ত চলাচল করা গাড়ির সংখ্যাই ছিল বেশি; ১২ হাজার ২৪২টি। এছাড়াও কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেটে গেছে ২ হাজার ৪২৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা গেছে ২ হাজার ৮৯২টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা ৫ হাজার ২৪৬টি যানবাহন।