বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, দুর্ভাগ্যবশত সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়ে এর আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো।
বুধবার জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল’ পাস হয়। এ বিষয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানানো হয়।
দূতাবাস থেকে বলা হয়, বাংলাদেশের সংসদে পাস হওয়া এ বিলের ওপর যুক্তরাষ্ট্রের নজর ছিল।
তারা জানায়, ‘আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের নতুন আইনের পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এ আইনেও মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে।’
যুক্তরাষ্ট্র দূতাবাসের দাবি, ‘সমালোচকদের গ্রেপ্তার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর (সাইবার নিরাপত্তা আইন) অপব্যবহার হতে পারে’।