বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার। সাতটি শর্তে ৭৯টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানি করবে। বুধবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক চিঠি অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানি বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৭৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। মোট ৭৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলো।
এসব প্রতিষ্ঠানগুলোকে তাদের নামের নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।
ভারতের ইলিশ রফতানির ক্ষেত্রে সাতটি শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেগুলো হলো, রফতানি নীতি ২০২১-২০২৪ বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রফতানি অনুমতি পাওয়া পণ্যের কায়িকপরীক্ষা যথাযথভাবে করতে হবে।
প্রতিটি চালান জাতীয়করণ শেষে রফতানি সংক্রান্ত সব কাগজ ই-মেইল করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রফতানি করা যাবে না।
পণ্যচালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অটোমেটিক সিস্টেম ফর কাস্টম ডেটা (এএসওয়াইসিইউডিএ) ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এ অনুমতির মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনোরূপ বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে। সরকার প্রয়োজনে যে কোনো ইলিশ রফতানি বন্ধ করতে পারবে। এ অনুমতির কোনোভাবেই হস্তান্তরযোগ্য না, অনুমোদিত রফতানিকারক ছাড়া সাব-কন্ট্রাক্ট রফতানি করা যাবে না।