সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
গতকালের মতো আজও রাজধানীর মিরপুরের একটি পোষাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। এসময় দফায় দফায় বিক্ষোভের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরবাসী এতে সীমাহীন দুর্ভোগে পড়েন। বিশেষ স্কুল, কলেজ ও অফিসগামীদের বেহাল অবস্থায় পড়তে হয়। একদিকে অফিসে ঠিকমত পৌঁছতে না পারা অন্যদিকে তীব্র গরম। সব মিলিয়ে নাজুক অবস্থা বিরাজ করে মিরপুরের এই সড়কে। শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ আগে থেকে কোনো নোটিশ দেয়নি। তাদের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ।
জানা যায়, রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কারখানার গেটে তালা লাগানো দেখে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কপথে তীব্র যানজট দেখা দিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শেওড়াপাড়ায় অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন তাদের কারখানার গেটে তালা লাগানো। এতে ক্ষুব্ধ হয়ে ৫শ থেকে ৬শ জন শ্রমিক রাস্তায় নেমে এসেন। তারা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে ওই সড়কে মীরপুর থেকে গুলিস্তানমুখী এবং গুলিস্তান থেকে মিরপুরমুখী যানবাহনগুলো আটকা পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের রাস্তা থেকে সরে যাবার জন্য বার বার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
এক পর্যায়ে পুলিশ গুলিস্তানমুখী যানবাহনগুলোকে মীরপুর ১০ নম্বর সড়ক থেকে ১ নম্বর সড়ক হয়ে ঘুরিয়ে দিচ্ছে। আর গুলিস্তান থেকে মিরপুরমুখী যানগুলোকে আগারগাঁও বেতার ভবনের সামনের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেয়।