সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং সোনালী ব্যাংক লিমিটেড’র মধ্যে চেম্বারের সার্টিফিকেট অব অরিজিন (সি.ও.) প্রদানের সেবাটি “সোনালী পেমেন্ট গেটওয়ে” ব্যবহারপূর্বক বিডার অনলাইন ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদানের লক্ষ্যে ০৫ অক্টোবর একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ’র সভাপতিত্বে সহ-সভাপতি রাইসা মাহবুব, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হাসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) ও মাহফুজুল হক শাহ, সোনালী ব্যাংক লিঃ’র জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল আজিজ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ফোরকান ও আরিফুল কবির বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকদ্বয় মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ মনির উদ্দিন, সোনালী ব্যাংক লিঃ’র ম্যানেজার ডেইজী সিকদারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ এবং সোনালী ব্যাংক লিঃ’র জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল আজিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ বলেন-বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসা সহজীকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন পরিষেবার আধুনিকায়ন করছে। এরই অংশহিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ১৯টি প্রতিষ্ঠানের ৫৮টি পরিষেবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করেছে এবং প্রতিনিয়তঃ নতুন নতুন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও পরিষেবা এই ওএসএস প্ল্যাটফর্মে সংযুক্ত হচ্ছে। তারই অংশহিসেবে চিটাগাং চেম্বারের সি.ও. প্রদানের সেবাটি ওএসএস প্ল্যাটফর্মে সংযুক্ত করবে। ফলে ওএসএস প্ল্যাটফর্ম পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ ঝামেলাবিহীনভাবে স্বল্প সময় ও খরচে তাদের সেবাগুলো গ্রহণ করতে পারবে। তিনি বলেন-সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন পরবর্তী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন সেবা ও পরিষেবা দ্রুত প্রদানে প্রতিনিয়তঃ আধুনিকায়নের কাজ করে যাচ্ছে যা ভিশন ২০৪১ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুব বলেন-অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোর সাথে তালমিলিয়ে স্মার্ট ব্যাংকিং সেবা প্রদান করছে সোনালী ব্যাংক। কিন্তু অধিকাংশ ব্যবসায়ী ও গ্রাহকরা তা জানে না। তাই ব্যাংকের নতুন নতুন সেবা ও উদ্যোগ বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তা এবং গ্রাহকদের মাঝে পৌঁছে দিতে চিটাগাং চেম্বারের আন্তর্জাতিক ট্রেড ফেয়ার এবং এসএমই ফেয়ারে অংশগ্রহণ করার অনুরোধ জানান। একই সাথে সোনালী ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে চিটাগাং চেম্বারের গবেষণা ও উন্নয়ন বিভাগের সাথে কাজ করারও আহবান জানান তিনি।
সোনালী ব্যাংক লিঃ’র জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল আজিজ বলেন-চিটাগাং চেম্বার বাংলাদেশের অন্যতম বাণিজ্য সংগঠন। ব্যবসায় উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা থেকে ব্যবসায়ীদের সুরক্ষা দিতে এই চেম্বার কাজ করে যাচ্ছে। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশহিসেবে স্মার্ট ব্যাংকিং পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঘরে বসেই একজন বিনিয়োগকারী সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবে। এছাড়াও ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্রান্ত ব্যাংকিং সেবা দিতে সোনালী ব্যাংক, চট্টগ্রাম কাস্টমস শাখা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।