রবিবার, ২১ Jun ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
পাট শিল্পের সোনালি অতীত ফিরিয়ে আনতে উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে এফবিসিসিআই। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় এফবিসিসিআইয়ের গুলশান শাখার কার্যালয়ে পাট শিল্প খাতের বিরাজমান সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম এ কথা বলেন।
তিনি বলেন, ‘ দেশের ঐতিহ্যবাহী সেই পাটশিল্পের গৌরব আজ নানাবিধ কারণে ম্লান হতে বসেছে । এই শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।
মাহবুবুল আলম বলেন, পাটের সোনালি আঁশ কাজে লাগিয়ে কীভাবে রফতানি বৃদ্ধি করা যায়, কীভাবে পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি করা যায় তা নিয়ে আমাদের কাজ করতে হবে। পাটজাত পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বিশ্বের নতুন নতুন বাজার সৃষ্টি ও রফতানি বৃদ্ধি করতে প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে এফবিসিসিআই।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বাংলাদেশ পাটকল সমিতি) প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবুল হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মো.হাবিব উল্লাহ ডন, পরিচালক আজিজুল হক, মো. নিয়াজ আলী চিশতি, ফখরুস সালেহীন নাহিয়ানসহ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডাইভারসিফাইড জুট গুডস প্রডিউসারস অ্যান্ড অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) এবং বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফ্ট) নেতরাসহ পাটজাত শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন ও পাট খাতের ব্যবসায়ীরা।