মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন। ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ টানেলটি রবিবার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে কোনো ধরনের তিন চাকার যান বা থ্রিহুইলার এবং মোটরসাইকেল এই সুযোগ পাবে না।
চলতি বছরের ১৩ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর দিয়ে যেতে হলে কোন গাড়িকে কত টোল দিতে হবে, তা চূড়ান্ত হয়।
কোন গাড়িতে কত টোল
টানেলের ভেতর দিয়ে ১২ ধরনের যানের জন্য টোলের হার চূড়ান্ত করা হয়েছে। সেতু কর্তৃপক্ষের উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত গেজেট অনুযায়ী, টানেলের ভেতর দিয়ে চলতে হলে কার ও জিপকে দিতে হবে ২০০ টাকা। একই হারে টোল দিতে হবে পিকআপকে। আর মাইক্রোবাসকে পরিশোধ করতে হবে ২৫০ টাকা। বাসের ক্ষেত্রে ৩১ আসন বা এ রকম আসনের গাড়িকে দিতে হবে ৩০০ টাকা, ৩২ আসন বা এর বেশি আসনের বাসগুলোকে পরিশোধ করতে হবে ৪০০ টাকা। বাসের (৩ এক্সেল) জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
এ ছাড়া ৫ টনের ট্রাকের জন্য ৪০০ টাকা, ৫ থেকে ৮ টনের ট্রাকের জন্য ৫০০ এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের জন্য ৬০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। টানেলের ভেতর দিয়ে যেতে হলে ৩ এক্সেলের ট্রাক বা ট্রেইলরকে দিতে হবে ৮০০ টাকা। চার এক্সেলের ট্রাক বা ট্রেইলরের জন্য এক হাজার টাকা। ৪ এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য বাড়তি ২০০ টাকা করে দিতে হবে।