মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
মরক্কোর কোবাল্ট খনিতে চলমান কার্যক্রম নিয়ে অসংগতি থাকলে তা দূর করতে চায় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। খনিজ কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠান মানাজেমের বিরুদ্ধে শ্রম ও পরিবেশসংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ তথ্য জানিয়েছে বিএমডব্লিউয়ের মুখপাত্র। খবর রয়টার্স।
মুখপাত্র বলেন, ‘যদি কোনো প্রকার অসংগতি থেকে থাকে, তবে তার সমাধান করতে হবে।’
জার্মানির মিউনিখভিত্তিক দৈনিক পত্রিকা জিতশে সাইতুং প্রকাশিত প্রতিবেদনে দাবি করেছে, খনিজ কার্যক্রমে পরিবেশ সুরক্ষার নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে। পাশাপাশি লঙ্ঘন করা হচ্ছে শ্রমিক সুরক্ষার নীতিমালা। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে সেখানকার পানিতে। মানাজেম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না। এটা পরিবেশ ও কর্মীদের জন্য ক্ষতিকর।
মানাজেমের সিংহভাগের মালিকানা মরক্কোর রাজার। আফ্রিকার বেশ কয়েকটি দেশে বেশকিছু খনিতে কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। কাজ করে কোবাল্ট নিয়ে। অন্যদিকে কোবাল্ট বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের একটি।
বৈশ্বিক কোবাল্টের সবচেয়ে বেশি মজুদ রয়েছে কঙ্গোয়। কিন্তু বিএমডব্লিউ সেখান থেকে কোবাল্ট আমদানি বন্ধ করে দিয়েছে। তাদের প্রয়োজনীয় কোবাল্টের এক-পঞ্চমাংশ আসে মরক্কোর কাছ থেকে। আর বাকি অংশ সরবরাহ করে অস্ট্রেলিয়া।