মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রিটেনের মৃত নাগরিকদের সম্পত্তি থেকে গোপনে লাভবান হচ্ছেন রাজা তৃতীয় চার্লস। সর্বশেষ এক দশকে এসব সম্পত্তি থেকে আয়ের পরিমাণ কয়েক কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। সম্প্রতি একাধিক গোপন নথি বিশ্লেষণ করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ডাচি অব ল্যাঙ্কাশায়ারের বিতর্কিত জমি ও সম্পত্তির থেকে রাজা তৃতীয় চার্লস প্রচুর মুনাফা করেছেন। মা রানী দ্বিতীয় এলিজাবেথের মায়ের মৃত্যুর পর এর মালিকানা যায় তার হাতে।
‘বোনা ভ্যাক্যান্টিয়া’ নামে পরিচিত এসব সম্পদের মালিকরা ইচ্ছাকৃতভাবে বা সম্ভাব্য উত্তরসূরি ছাড়াই মারা গেছেন। গত ১০ বছরের এই মুনাফার অঙ্ক ৬ কোটি পাউন্ড ছাড়িয়ে গেছে।
একই প্রতিবেদনে বলা হয়, রানী দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে বড় অঙ্কের আয় করছেন রাজা চার্লস। রানীর মৃত্যুর প্রথম বছর পেরোতেই এ বাবদ দুই কোটি ৬০ লাখ পাউন্ড পেয়েছেন তিনি।
ল্যাটিন বোনা ভ্যাক্যান্টিয়া বলতে সাধারণত বোঝায় এমন সম্পদ যার কোনো মালিক নেই। ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ ক্ষেত্রে, উইল না করে মারা গেলে বা শনাক্তযোগ্য কোনো আত্মীয় না থাকলে তাদের সম্পদ ট্রেজারিতে স্থানান্তরিত হয়। সেখানে থেকে জনপরিষেবা খাতে খরচ করা হয়।
কিন্তু গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের হাজার হাজার মানুষের মৃত্যু থেকে লাভবান হচ্ছেন রাজা চার্লস। ওইসব সম্পদকে গোপনে বাণিজ্যিকভাবে ব্যবহার করে মুনাফা অর্জন করছেন তিনি।
ডাচি প্রথার শিকড় মধ্যযুগে। মূলত দুটি বংশগত সম্পত্তি এর অন্তর্গত। এর প্রধান ঠিকানা হলো মধ্যযুগের ল্যাঙ্কাশায়ার কাউন্টি প্যালাটাইন, ওই অঞ্চল একজন ডিউক শাসন করতেন। বর্তমানে এলাকাটি ল্যাঙ্কাশায়ার ও মার্সিসাইড, গ্রেটার ম্যানচেস্টার, চেশায়ার ও কামব্রিয়ার কিছু অংশ নিয়ে গঠিত।
অন্য বোনা ভ্যাকান্টিয়া হলো কর্নওয়ালের ডাচি। এটি মূলত সিংহাসনের উত্তরাধিকারীরা লাভ করে থাকেন। এর আগে চার্লস নিবিড়ভাবে এ ডাচি পরিচালনা করতেন, যা গত বছর তার ছেলে প্রিন্স উইলিয়ামের কাছে চলে গেছে।
দীর্ঘদিন ধরে বলা হয়ে আসছে, খরচ বাদ দেয়ার পর এইসব সম্পদ থেকে আসা আয় দাতব্য সংস্থায় দান করা হয়। কিন্তু গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এই অর্থের সামান্যই যাচ্ছে দাতব্য প্রতিষ্ঠানে। বরং এসব তহবিল গোপনে রাজার মালিকানাধীন সম্পত্তি সংস্কার ও বাণিজ্যিক খাতে ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে তিনি আয় করছেন কোটি কোটি পাউন্ড।