মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বসের ওই তালিকায় এবার তিনি আছেন ৪৬তম স্থানে। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২ নম্বরে।
এবারের তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে নাম রয়েছে শেখ হাসিনার। ‘ফোর্বস’-এর এবারের তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে রয়েছেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা। আর বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৪৬তম স্থানে। গেল বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম-তে। এর আগে ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। আর ২০২০ সালে তালিকার ৩৯তম স্থানে ছিলেন তিনি।
শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান। টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয় পায় তার দল বাংলাদেশ আওয়ামী লীগ।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস।