মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
পণ্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, পণ্যমূল্য জানতে ‘৩৩৩’ নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। খবর বাসস।
জরুরি সেবা পাওয়ার জন্য যেমন রয়েছে ‘৯৯৯’ হটলাইন, তেমন সেবা দেবে ‘৩৩৩’ নম্বর। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তবে পণ্যমূল্য জানাতে ‘৩৩৩’ সেবা কীভাবে কাজ করবে, তা নিয়ে বিশদ কিছু বলেননি তিনি।
আহসানুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হলে বাজার স্থিতিশীল থাকবে। তবে নিত্যপণ্য মজুত করে কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, মজুতদার যত ক্ষমতাশালী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পিছপা হবেন না। কারণ, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম দিক হচ্ছে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার যেকোনো মূল্যে বাস্তবায়ন করবেন তিনি।
পবিত্র রমজান মাস সামনে রেখে দুই মাস টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান আহসানুল ইসলাম।