শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
সৌদি আরব এবং দেশটির জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য আমাদের গৃহীত উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশে আরো বিনিয়োগ করুন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।’
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং দেশটির জনগণের মঙ্গল কামনা করেন। কারণ, তারা মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের খাদেম।
সরকারপ্রধান হিসেবে পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও ইসলামী ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য দেশটির ইচ্ছার কথা জানান। তার আগ্রহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরা হজের প্রক্রিয়া আরো সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। তিনি আরো বলেন, সৌদি আরব ও বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে পারে।
রাষ্ট্রদূত অন্যান্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মী নেয়ার ব্যাপারে সৌদি আরবের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।