রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নেত্রকোনায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো ছয় জেলায় নয়জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
নেত্রকোনা: গতকাল দুপুরে নেত্রকোনাগামী প্রাইভেট কারের সঙ্গে ময়মনসিংহগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আজিজুল হাকিমসহ দুজন নিহত হন। আহত হন কমপক্ষে ছয়জন। আজিজুল হাকিম জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা: রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সজীব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। সজীব হোসেন বংশাল নবাব কাটারার নবাব মিয়ার ছেলে। রোমানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ বলছে, ঘটনাস্থলে মারা যান রোমান। সজীব ও দ্বীন মোহাম্মদকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় খিলক্ষেত থানার পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খিলক্ষেত থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলে তিনজন পূর্বাচল থেকে ফিরছিলেন। খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রোমান নামে একজন মারা যান। আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সকাল সোয়া ৭টার দিকে সজীব মারা যান।
অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেস এলাকায় পুলিশ বহনকারী একটি গাড়ির ধাক্কায় রোমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মরিয়ম (২৫) এক তরুণী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রোমানের বাবা মো. সেলিম জানান, তাদের বাড়ি ভোলার সদর উপজেলায়। তারা যাত্রাবাড়ীর মাতুয়াইল নিমতলী এলাকায় একটি কার্টনের কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন রোমান। রাতে তিনি খবর পান তার ছেলে সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সেখানে মারা যায় রোমান। ভাঙ্গাপ্রেস এলাকায় রাস্তা পার হওয়ার সময় পুলিশ বহন করা একটি গাড়ি তাদের ধাক্কা দিয়েছে।
গাড়িটি পুলিশ লাইনের পিওএমের গাড়ি ছিল বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
গাজীপুর: শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. রোমান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী গ্রামের লিচুবাগানে এ দুর্ঘটনা ঘটে। রোমান জামালপুর সদর উপজেলার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। দুই মাস ধরে শিশুটি তার মা-বাবার সঙ্গে লিচুবাগানে মো. খলিলুর রহমানের ভাড়া বাড়িতে বসবাস করছিল।
লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় গরুবোঝাই ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। গতকাল দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আফজাল হোসেন হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গার আব্দুর রহমান ছেলে। মাংস ব্যবসায়ী আফজাল হোসেন পাশের চামটারহাট থেকে গরু কিনে ভটভটি করে আসার পথে সেটি উল্টে যায়। পরে তিনি ভটভটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট: ফকিরহাট উপজেলার বলৈতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, গতকাল সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্টগ্রাম থেকে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বলৈতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকচালক সোয়েইব হোসেন (২২) ঘটনাস্থলে মারা যান। আহত হন চালকের সহকারী জাহাঙ্গীর সরদার (৩০)। নিহত সোয়াইব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
অন্যদিকে একই এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মোন্নাফ ফকির (৩৫) নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন। মোন্নাফ ফকির সিরাজগঞ্জের মান্নান ফকিরের ছেলে।
মুন্সিগঞ্জ: বন্ধুদের নিয়ে মাওয়া থেকে ফেরার পথে শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মো. তন্ময় (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু হৃদয় (২০) ও শাহিন (১৮)। একই মোটরসাইকেলে তারা তিনজন ছিলেন। তন্ময় রাজধানীর কামরাঙ্গীরচর খলিফাঘাটের মাসুদ খানের ছেলে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।