রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের আজ গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের বৈঠক থেকে সংসদে ভূমিকার প্রশ্নে এবং সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এদিকে, সংসদে নিজেদের ভূমিকা কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার দিকনির্দেশনার অপেক্ষায় আছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। সেদিন আওয়ামী লীগের সংসদীয় দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করে। পরদিন শপথ নেয় নতুন মন্ত্রিসভা।
তবে দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে, স্বতন্ত্র সংসদ সদস্যরা বিরোধী দলের আসনে বসবেন কিনা। স্বতন্ত্রদের ভূমিকা আসলে কী হবে-এসব বিষয়ে নানা আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকে বলছেন, তাদের বেশির ভাগই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সংসদে ভূমিকা রাখতে চান। অন্যদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কেউ কেউ বলছেন, দলে যুক্ত না হয়ে তারা স্বতন্ত্র সদস্য হিসেবেই ভূমিকা রাখবেন, দলে এই আলোচনা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটি আগেই পরিষ্কার ছিল। প্রশ্ন ছিল প্রধান বিরোধী দল কারা হবে, তা নিয়ে। দল হিসেবে আওয়ামী লীগের পর এবার সবচেয়ে বেশি আসন পেয়েছে একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটি ১১টি আসন পেয়েছে। কিন্তু তাদের চেয়ে অনেক বেশি, ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের ৫৮ জন আবার আওয়ামী লীগেরই নেতা।
এমন পটভূমিতে কারা প্রধান বিরোধী দল হবে, সংসদে বিরোধীদলীয় নেতা কে হবেন-এসব প্রশ্ন সামনে আসে। স্বতন্ত্র সংসদ সদস্যরা মিলে নির্দলীয় জোট করে প্রধান বিরোধী দল এবং তাদের একজনকে বিরোধীদলীয় নেতার মর্যাদা দেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে আবেদন জানানোর সুযোগ আছে। তবে একাধিক স্বতন্ত্র সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বড় অংশই বিরোধী দলে বসার বিপক্ষে। তারা চান, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে থাকতে। কারণ, হিসেবে তারা বলছেন, স্বতন্ত্র সংসদ সদস্য হলেও তারা আওয়ামী লীগের নেতা। তবে এ ক্ষেত্রে আওয়ামী লীগ তাদের সঙ্গে নেবে কিনা, সেটাই বড় প্রশ্ন।