দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির বক্তব্যকে অনভিপ্রেত বলে আখ্যায়িত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রুশ রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ। তার বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে।’ গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা-বাণিজ্য, জ্ঞান ও অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে। বিএনপি বিশ্বাস করে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধেই দীর্ঘমেয়াদি কূটনৈতিক সাফল্য নিহিত। তাই রাশিয়ার প্রতি বিএনপির আহ্বান, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি যেন উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয়।’
রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্যকে রাষ্ট্রদূত বিভ্রান্তিকর ও মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। তার দাবি, বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং ৪১ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে, যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে। অথচ এটা প্রমাণিত যে ৭ জানুয়ারি নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।’