রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
দেশের আট স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে বগুড়ায় চারজন; গাজীপুর, দিনাজপুর ও ফেনীতে দুজন করে মোট ছয়জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর খিলক্ষেত, সিলেট, মৌলভীবাজার ও বাগেরহাটে একজন করে আরো চারজনের প্রাণহানি হয়েছে। শনিবার রাত ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
আহত জাহিদ হাসান জানান, ইজতেমার ময়দানে সরাসরি মাইক্রোবাস নিয়ে যাওয়া যায় না। সেজন্য টঙ্গীর মিরেরবাজারে মাইক্রোবাস থেকে নেমে অটোরিকশায় করে তারা ইজতেমার দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক এসে তাদের অটোরিকশাকে চাপা দেয়।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর নামক স্থানে যাত্রীবাহ বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ চালক মো. সাহাব উদ্দিন (২৪) নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাহাব উদ্দিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনের মো. বাবুল মিয়ার ছেলে। এছাড়া শনিবার রাতে ফেনী সদর উপজেলার কলঘর নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় মো. নুরুল আমিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের বাসিন্দা।
হিলি: ঘোড়াঘাটে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে বিনয় চন্দ্র দাস (২২) ও জিতু মিয়া (১৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কের চৌড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় চন্দ্র দাস উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারী দাসের ছেলে এবং জিতু মিয়া একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে পাশের রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন তারা। একই সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোভ্যান রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাটের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বিনয় চন্দ্র। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিতু মিয়াকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তিনিও মারা যান।
বাগেরহাট: বাসচাপায় মায়া হালদার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালকসহ দুজন আহত হয়েছেন। নিহত মায়া হালদার সদর উপজেলার খাড়াসম্বলের অসীম হালদারের স্ত্রী।
বাগেরহাট মডেল থানার ওসি সাইদুর রহমান জানান, খাড়াসম্বল থেকে মোটরসাইকেলে বাগেরহাটে আসছিলেন মায়া হালদারসহ তিনজন। টোলপ্লাজায় মোরেলগঞ্জ থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মায়া হালদার মারা যান।
সিলেট: ট্রাকচাপায় তারেক আহমদ (২৫) নামে এক ফুটবলার নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে সিলেটের বাদাঘাটের আমাউড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ট্রাকটি ভাংচুর করে। নিহত তারেক সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। তিনি সদর উপজেলাসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত ফুটবল খেলতেন। খেলার পাশাপাশি তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আমাউড়া স্ট্যান্ডে অটোরিকশা নিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঢাকা: রাজধানীর খিলক্ষেতে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম জুলেখা বলে জানা গেলেও প্রকৃত পরিচয় নির্ণয়ে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ভোরে খিলক্ষেত এলিভেটেড এক্সপ্রেস ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার: ট্রাকের ধাক্কায় জনি হায়দার (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে মৌলভীবাজার পৌর শহরের ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনি হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। মোটরসাইকেলে শহরের কোর্ট এলাকায় আসার পথে এ দুর্ঘটনার শিকার হন জনি।
বগুড়া: জেলাল কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২), নুনু প্রামাণিকের ছেলে রাকিব প্রামাণিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। তারা তিনজনই পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক মোটরসাইকেলে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় যাচ্ছিলেন। রাত ৮টার দিকে দরগাহাট পার হয়ে বগুড়া ভাণ্ডারের সামনে পৌঁছলে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে তিনিও মারা যান।
এছাড়া আদমদীঘিতে ট্রাকচাপায় পবিত্র কুমার (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। পবিত্র কুমার নওগাঁর বদলগাছি উপজেলার ভুবন গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী বিষয়টি
নিশ্চিত করেছেন।