শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সীমান্তে বিজিবির ফোর্স বাড়ানো হয়েছে। কোস্ট গার্ড, নেভি ও পুলিশও সজাগ রয়েছে। মিয়ানমার থেকে সশস্ত্র অবস্থায় কারো বাংলাদেশে ঢোকার সুযোগ নেই।’ গতকাল বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় শেষে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে। এর কারণে মিয়ানমার থেকে অনেকে এখানে চলে এসেছে, আমরা তাদের আবার ফেরত পাঠিয়েছি। তবে সীমান্তে আমাদের সতর্ক অবস্থান আছে। ওদিক থেকে অস্ত্র নিয়ে কারো আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় দু-চারটি অস্ত্র পাওয়া যাচ্ছে। এগুলো হয়তো আরাকান আর্মি নিয়ে আসছিল। তাদের হয়তো কোনো মোটিভ থাকতে পারে। তবে সবাই ধরা পড়ছে। বিজিবি সবাইকে আটক করেছে। কঠোর অবস্থানে রয়েছে। শুধু আরাকান আর্মি নয়, তাদের অনেক গ্রুপ তৈরি হয়েছে, যারা যুদ্ধে লিপ্ত আছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরেই এ অঞ্চলে যুদ্ধ করছে। এ অঞ্চলে যুদ্ধ করলে আমাদের এখানে কিছু গোলাগুলির শব্দ আসছে—সেটি যেমন সত্য, তেমনি সরকারি বাহিনী বিজিপি এবং অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছিল সেটিও আপনারা দেখেছেন। আমরা বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অবলম্বন করছি। তারা যতই গোলাগুলি করুক, আমরা প্রতিবাদ করছি। আমরা তাদের ঢুকতে দিচ্ছি না।’