শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংস্কারকে ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। যা শেষ হয়ে যায় তা সংস্কার নয় বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার বিকালে বিএনপির ইফতার আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক।
তারেক রহমান বলেন, যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কথা বলছেন, তাদের উদ্দেশে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের সংস্কার উদ্যোগের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সংবিধান সংস্কার বিষয়ে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি–এনসিপি বলছে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে তারা নতুন সংবিধান রচনা করতে চায়।