মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ইউক্রেনের জন্য জার্মানি ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোনের অর্থায়ন করছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। কোনও পশ্চিমা সরকারের পক্ষ থেকে কিইভের জন্য ড্রোন কেনার ক্ষেত্রে এটি এ যাবৎকালের অন্যতম বড় অর্থায়ন। খবর বিডিনিউজের।
রয়টার্স লিখেছে, রাশিয়ার বিরুদ্ধে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন চালকবিহীন ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। ইউক্রেনীয় বাহিনী প্রতিদিন হাজার হাজার ড্রোন হামলা চালাচ্ছে এবং দেশটিতে বর্তমানে বছরে লাখ লাখ ড্রোন তৈরি হচ্ছে। চুক্তির আওতায় ইউক্রেনের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল–এর তৈরি শ্রাইক ফার্স্ট–পারসন–ভিউ (এফপিভি) ড্রোন সরবরাহ করা হবে। ড্রোনগুলোতে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অটেরিয়ন–এর সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যা ওড়ার শেষ মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে যেকোনো চলন্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করে নিখুঁত আঘাত হানতে সক্ষম। অটেরিয়নের প্রধান নির্বাহী লরেঞ্জ মেয়ার এই চুক্তির আকার নিশ্চিত করে জানান, এর মূল্য প্রায় ৯ কোটি ইউরো (১০ কোটি ৩০ লাখ ডলার) এবং একটি ইউরোপীয় দেশ এতে অর্থায়ন করছে। রয়টার্সকে তিনি বলেন, ইতিমধ্যে কিছু ড্রোন ইউক্রেইন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিগুলো চলতি বছরের মধ্যেই পাঠানো হবে। অন্যদিকে, স্কাইফল এই চুক্তিতে জার্মানির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। অভিযানের নিরাপত্তার স্বার্থে জার্মানি ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কম খরচে তৈরি এই শ্রাইক ড্রোন ২০২৩ সাল থেকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তবে সমপ্রতি এটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ নজর কেড়েছে। স্কাইফল ও ব্রিটিশ প্রতিষ্ঠান স্কাইকাটারের যৌথ উদ্যোগে তৈরি শ্রাইক ১০–এফ নামের একটি সংস্করণ সমপ্রতি পেন্টাগনের একটি প্রতিযোগিতার প্রথম পর্বে শীর্ষস্থান দখল করেছে।