বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। এই প্রস্তাবের আওতায় প্রণালিটি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে একটি ‘স্বেচ্ছা ফি’ নেওয়ার কথা বলা হয়েছে।
উপসাগরীয় অঞ্চলের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, ওমানের এই প্রস্তাবে আঞ্চলিক অন্য দেশগুলোরও সমর্থন রয়েছে। গত সপ্তাহান্তে তেহরান সফরের সময় ওমানের প্রতিনিধিদল ইরানের কর্মকর্তাদের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করে।
মূলত মালাক্কা প্রণালির ব্যবস্থাপনা মডেলকে অনুকরণ করে এই প্রস্তাবটি তৈরি করা হয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল মালাক্কা প্রণালিটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। ওমানের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছায় একটি বিশেষ তহবিলে অর্থ দেবে। এই অর্থ নৌপথের পরিচালনা, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধারকাজের ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।