রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

গাইবান্ধায় তীব্র শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধায় ঘন কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সারাদিন কোথাও সূর্যের মুখ দেখা যায়নি।

ঘন কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে জেলার নদ-নদীর তীরবর্তী সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত এবং চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের কবলে পড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্য নদ-নদীতে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে মূল ভূমির সাথে চরাঞ্চলের যোগাযোগ ব্যাহত হচ্ছে।

ঘন কুয়াশা অব্যাহত থাকায় সরিষা গাছের ফুল ঝড়ে পড়তে শুরু করেছে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস।

শহরের রিক্সাচালক আবদুল জলিল বলেন, ‘শীতোত ইস্কা (রিক্সা) চলান যায় না। কুয়াশায় কোন কিছুই দেখা যায় না।’

ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ওপর ফুলছড়ির রসুলপুর এলাকার অজিফা বেওয়া বলেন, ‘হামরা গরিব মানুষ, একন্যা (একটা) কম্বলের অভাবে জারোত খুব কষ্টোত আছি বাবা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com