মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে চালভর্তি মিনি ট্রাকে করে ঢাকায় হেরোইন পাচারকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চালের বস্তা থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ এই অভিযান চালায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুড়িলবাড়িয়া পিরিজপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে শাহিন আলম ওরফে বেলাল (২৭), পবা উপজেলার বালিয়া গ্রামের রাকিবের ছেলে রবিন (২২) ও একই এলাকার আলমের ছেলে বিশাল (২০)। রবিন ট্রাকের চালক। বিশাল হেলপার ও বেলাল ট্রাক ভাড়া করে চাল নিয়ে গাজিপুর যাচ্ছিলেন। মঙ্গলবার সকালে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, গোদাগাড়ী থেকে ট্রাকটি গাজীপুর যাচ্ছিল। এই ট্রাকে চালের বস্তায় হেরোইন পাচারের খবর পেয়ে নগরীর ভদ্রা মোড়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি বস্তায় ছয় প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
ওসি জানান, ২৮ বস্তা চালসহ মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর