মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঢাকা থেকে ফেরা পোশাক শ্রমিকসহ দু’জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ঢাকা থেকে ফেরা এক পোশাক শ্রমিকসহ (১৮) তার বাড়ির দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এ লকডাউনের ঘোষণা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত পোশাক শ্রমিক ওই তরুণ রবিবার ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। সে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত জেনেও ওই তরুণ বাড়িতে না থেকে এলাকার বিভিন্ন স্থানে চলাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অসুস্থতার কথা জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বারের নেতৃত্বে একদল চিকিৎসক সন্দেহভাজন ওই তরুণ ও তার বিমাতার (৩২) রক্তের নমুনা সংগ্রহ করেন। এরপর বাড়ি লকডাউন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার জানান, তাদের সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য আজ মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তারা করোনায় আক্রান্ত কিনা।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com