মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

করোনায় মারা যাওয়া দুদক পরিচালকের ছেলের আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান।

তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে। যে কারণে বাবার দাফনে অংশ নিতে পারেন নি ছেলে সামিন রহমান।

হঠাৎ করোনা ঝড়ে প্রাণপ্রিয় বাবাকে হারিয়ে দিশেহার সামিন রহমান ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে বাবাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে দেয়া কিছু ভুল তথ্য শুধরে দিয়েছেন সামিন। স্ট্যাটাসটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সামিন রহমানের প্রতি সমবেদনা জানিয়ে স্ট্যাটাসটি শেয়ার করছেন নেটিজেনরা।

সোমবার সামিন রহমানের দেয়া ফেসবুক স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো –

‘আমার বাবা (জালাল সাইফুর রহমান, পরিচালক, দুদক) আজকে (সোমবার) সকালে সাড়ে ৭টার দিকে কার্ডিয়াক এরেস্টের কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। উনি গত ৩০শে মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দুঃখের বিষয় এই যে, উনার মৃত্যুর সংবাদ নিয়ে লেখা প্রতিবেদনেও অনেক ভুল-ভ্রান্তি চোখে পড়ে। সে ভুল-ভ্রান্তিগুলো আমি একটু তুলে ধরতে চাইঃ-

১। আমি উনার একমাত্র সন্তান ছিলাম, আমার কোন ভাই-বোন নেই।

২। আমি এবং আমার আম্মু দুইজনই পরিপূর্ণরূপে সুস্থ আছি।
৩। আমরা গত ৭ দিন ধরে দুইজনই সেল্ফ আইসোলেশনে আছি, কোন হাসপাতালে না। আমাদের দুইজনকে আরও ৭ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। (সেল্ফ আইসোলেশন বলতে ঘরের মধ্যে নিজেকে আলাদা করে রাখা, কারো সাথে দেখা সাক্ষাৎ কিনবা মেলামেশা না করা।)

সেল্ফ আইসোলেশনের কারণে না বাবার জানাজার অংশ হতে পেরেছি না উনাকে কবর দেয়ার অংশ হতে পেরেছি, এর চেয়ে কঠিন কিছু আর নেই। উনাকে আজ (সোমবার) ৪টার দিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

উনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।’

এরপর সামিন লেখেন, ‘আমার বাবা জীবিকার তাগিদে সরকারি আদেশ না আসা পর্যন্ত ২২শে মার্চ পর্যন্ত অফিস করেছিলেন। তারপর থেকে তিনি বাসাতেই ছিলেন কিন্তু তবুও রক্ষা পাননি। তাই এখনও যারা ঘরে থাকার বিধিনিষেধ মানছেন না, তাদের সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে চাই না বর্তমানে এই মূহুর্তে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে সেটা আমার শত্রুকেও মোকাবেলা করতে হোক।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com