মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর বাঘা উপজেলায় তাবলীগ ফেরত এক বৃদ্ধের (৬৫) কোয়ারেন্টাইনে মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মাদরাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এরপর দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান।
মৃত ওই বৃদ্ধের বাড়ি উপজেলার উত্তর মিলিকবাঘা এলাকায়। ৪০ দিনের তাবলিগে (চিল্লা) বের হয়ে সর্বশেষ তিনি কুষ্টিয়ায় ছিলেন। সেখানে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় চিল্লা শেষ না করেই গত ৫ এপ্রিল গ্রামে ফিরেন। কিন্তু নিজ বাড়িতে না গিয়ে তিনি মাদরাসার একটি রুমে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে চলে যান।
ডা. আক্তারুজ্জামান বলেন, জ্বর ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনার উপসর্গ জোরালো ছিল না। তার ডায়াবেটিস ও হাইপেশার ছিল। এরপরও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ওই মাদরাসার পরিচালক ও মৃতের ছেলে বলেন, তার বাবা বেশ কিছুদিন আগে তাবলিগ জামাতের দলের সাথে চিল্লায় কুষ্টিয়া যান। ওই চিল্লা শেষ করে তার আরেক চিল্লায় যাওয়ার কথা ছিল। কিন্তু চিল্লা শেষ না হতেই তিনি অসুস্থ বোধ করায় গত ৫ এপ্রিল ফিরে আসেন। করোনা পরিস্থিতির কারণে তাকে মাদরাসার একটি কক্ষে রাখা হয়েছিল।
সুলতান আরও বলেন, বাবার শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও হাইপ্রেশার আগে থেকেই ছিল। নিয়মিত এসবের ওষুধ খেতেন। মঙ্গলবার রাতেও তিনি ওষুধ ধাওয়ার সময় তাদের সঙ্গে কথা বলেছেন।
নগরকন্ঠ.কম/এআর