মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহণ চালিয়ে তাবলীগ জামাতের মুসল্লিসহ অন্যান্য যাত্রী পরিবহণ করায় ট্রাক চালক মো. আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ওই পরিবহনের ৩৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। বুধবার স্থানীয় বোরহানগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী নৌবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাবলীগ জামাতের ২৫ জন মুসল্লী ও ১০-১২ জন অন্যান্য যাত্রীবাহী ট্রাকসহ চালক মো. আলীকে আটক করে। ওই বাজারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ভ্রমমাণ আদালত পরিচালনা করে চালক মো. আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মো. বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাবলীগ জামাতের মুসল্লিসহ ৩৫ যাত্রীকে চরফ্যাশনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
এছাড়া মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে পৌর শহরে মোটরসাইকেল চালানো ও সামাজিক দূরত্ব ভঙ্গ করায় মো. জসিমকে ১ হাজার, আতাউর রহমানকে ১ হাজার, পারভেজকে ৫ শত, সোহাগকে ৫ শত, শাহ আলমকে ২ হাজার, মো. তসলিমকে ১ হাজার, মো. করিমকে ৫ শত, মো. হাসানকে ৫ শত, টিপুকে ১ হাজার, মো. নিরবকে ৫ শত, ওমর ফারুককে ১ হাজার, রবিউল আলমকে ১ হাজার, মো. হাসানকে ৪ শত,মিরাজকে সাড়ে ৪ হাজার, ইদ্রিসকে ৫ শত, কামালকে ৫ হাজার ও নুরুল আমিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে আইন অমান্য করলে প্রশাসন আরও কঠোর হতে বাধ্য হবে।
নগরকন্ঠ.কম/এআর