মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি শামীম ওসমানের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মহামারী ভাইরাসে প্রাদুর্ভাবে জরুরিভিত্তিতে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন শামীম ওসমান এমপি।

বৃহস্পতিবার তিনি বলেছেন, ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষার রিপোর্ট পেতে পেতে অনেক রোগী মারা যাচ্ছেন এবং প্রতিনিয়ত উপসর্গ নিয়ে রোগীরা করোনা পরীক্ষার জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে ফোন দিয়েও কোনো ফল পাচ্ছে না। এমনকি সিটি কর্পোরেশনের মাধ্যমে টানা ৩-৪ দিন ফোন দিয়েও তারা নমুনা সংগ্রহ করাতে পারছেন না।

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে পরীক্ষার অভাবে তা শনাক্ত করে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মৃত্যুর পর শনাক্তের কারণে নারায়ণগঞ্জে করোনার প্রাদুর্ভাব প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এ মুহুর্তে ল্যাব স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।

শামীম ওসমান আরও বলেন, প্রতিদিন আমার নির্বাচনী এলাকাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে বহু ফোন পাচ্ছি। নমুনা সংগ্রহ করাতে ফোন করেও কোনো ফল পাচ্ছেন না বলে অভিযোগ পাচ্ছি। অনেকে চিৎকার করে কাঁদছেন, তাদের জন্য কিছুই করতে পারছি না। কারণ নমুনা সংগ্রহ করার কাজ আমার জানা নেই। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। নারায়ণগঞ্জে অতিসত্বর করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছি। প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।

নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও বিএমএর সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, এমপি শামীম ওসমান আমাদের জানিয়েছেন– জেলা সিভিল সার্জন ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে করোনা উপসর্গ থাকা রোগীদের নমুনা পরীক্ষার জন্য লোকবল কম। তার অনুরোধে আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। এ বিষয়ে তিনি আমাদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, করোনায় সারা দেশে যে ২০ জন মারা গেছে, তাদের মধ্যে ছয়জনই নারায়ণগঞ্জের। করোনার সংক্রমণ প্রতিরোধে বুধবার থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com