মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

কালীগঞ্জে নতুন তিনজন করোনা আক্রান্ত, উপজেলা লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ১২ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তাদের নমুনায় করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮ জন। সোমবার থেকে কালীগঞ্জ পৌর এলাকা অবরুদ্ধ থাকলেও আগামীকাল (১৪ এপ্রিল) থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা আক্রান্ত ৩ জনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৪ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে এবং আক্রান্ত ৩ জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, সোমবারের আক্রান্ত ৩ জনের দুইজন পৌর এলাকার পূর্ব বালীগাঁও গ্রামের ও একজন বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের। তবে আক্রান্ত ওই ৩ জনই বাহিরের জেলা থেকে আসা। এদের মধ্যে বালীগাঁও গ্রামের দুইজন নারায়ণগঞ্জ থেকে এবং ভাটিরা গ্রামের একজন ঢাকা থেকে আসা। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

তিনি আরো জানান, গতকাল এবং আজকে মিলেয়ে আক্রান্তের মোট ৮ জনের মধ্যে ৭ জনই অন্য জেলা থেকে আসা। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল (১৪ এপ্রিল) থেকে কালীগঞ্জ উপজেলার সকল কাঁচা ও মাছ বাজারসহ সমস্ত দোকান বন্ধ থাকবে। স্থানীয় ওষুধের দোকানগুলো এর আওতামুক্ত থাকবে।

শিবলী সাদিক জানান, তাছাড়া উপজেলার সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবার সরবরাহের গাড়ি এর আওতামুক্ত থাকবে। উপজেলার কোন জনগণ এক মহল্লা থেকে অন্য মহল্লায় যাতায়াত করতে পারবে না। যদি কোন ব্যক্তি এ নির্দেশ অমান্য করে তাহলে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com