মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। তার বয়স ১৪ বছর। আক্রান্ত রোগীর বাড়ি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট ও শরীরে জ্বর অনুভূত হলে রোববার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে নমুনা পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে পাঠায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহের পর ওই কিশোরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। সোমবার করোনা পজিটিভ রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছানোর পর বিষয়টি নিশ্চিত হয় সোনারগাঁ উপজেলা প্রশাসন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে পুনরায় চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পাশাপাশি আক্রান্ত রোগীর বাড়ির আশপাশের ২০টি বাড়ি লকডাউন করে দেয়া হয়।
এদিকে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেয়ায় স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তার নিরাময় ক্লিনিক ও বৈদ্যের বাজারের আবুল ফার্মেসি লকডাউন করা হয়েছে। একইভাবে চিকিৎসা সেবা দেয়ায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার ও নার্সসহ ৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, ওই কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার শ্বাসকষ্ট ও শরীরে জ্বর অনুভূত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নমুনা সংগ্রহের জন্য প্রেরণ করা হয়েছিল। নমুনা সংগ্রহ করে মহাখালী আইইডিসিআর এ প্রেরণ করলে তার কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়। এখন পুনরায় ওই রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বলেন, আক্রান্ত রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউন করা বাড়িগুলোতে নিয়মিতভাবে খাবার পৌঁছানো হবে।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হওয়ার কারণে ওই রোগীর বাড়ির আশপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও রোগীকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়ায় স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তার নিরাময় ক্লিনিক ও বৈদ্যেরবাজারের আবুল ফার্মেসি লকডাউন করা হয়েছে।
তিনি জানান, চিকিৎসা সেবা দেয়ায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার ও নার্সসহ ৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই রোগীর সংস্পর্শে যারা এসেছে তাদেরকেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।
এদিকে ওই কিশোরের করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নগরকন্ঠ.কম/এআর