মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেঁজগাও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, র্যাব ২ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৬-৭ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে। নিহত ২ ডাকাতের মধ্যে একজনের নাম মাসুদ (৩৫), অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
তিনি আরও জানান, এই চক্রটি বরিশালের মুলাদি, শরীয়তপুর ও পদ্মার চর এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। পরশু রাতে পদ্মার চর এলাকায় তারা ডাকাতি করে।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ধরার জন্য মাওয়া ফেরিঘাট থেকে ৩ জায়গায় চেকপোস্ট বসানো হয়। তারা একটি অটোরিকশায় করে শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা এলাকা দিয়ে বেঁজগাও এলাকায় আসে।
পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী আরও জানান, র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় দুই র্যাব সদস্য আহত হয়। নিহত ডাকাতদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নগরকন্ঠ.কম/এআর