মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস সংক্রমণ রোধে গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা থেকে এ লকডাউন শুরু হবে বলে সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তি পত্র জারির মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, ইতোমধ্যে জেলায় ৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কেউ যেন করোনাভাইরাসে আক্রান্ত না হন ও করোনাভাইরাস যেন ছড়িয়ে না পরে সেই জন্য অতিরিক্ত সর্তকতায় পুরো জেলা লকডাউন করা হয়েছে।
এখন থেকে কেউ আর জেলা থেকে বাইরে যেতে ও বাইরে থেকে আসতে পারবেন না। এছাড়া, জেলায় সকল ধরনের গণ-পরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।
তবে কিছু কিছু ক্ষেত্রে জরুরি পরিসেবার বিশেষ করে বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, ডাক্তার, পরিচ্ছন্ন কর্মী, টেলিফোন ও ইন্টারনেট পরিসেবা, ঔষধ, নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, শিশু খাবার, কৃষি পণ্য আনা নেয়ার কর্মী ও যানবাহন চলাচল করতে পারবে।
পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকার পাশাপশি এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নগরকন্ঠ.কম/এআর