মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসে করোনায় আক্রান্ত দম্পতির খোঁজ মিলল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রীকে অবশেষে পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দেয়া ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে রোববার রাত ১০টার দিকে আক্রান্তদের বাড়ির ঠিকানা পাওয়া যায়।

পরে চিকিৎসার জন্য গোলামবাজার এলাকার বাড়ি থেকে স্বামী (৬৫) ও স্ত্রীকে (৪৮) কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানান, করোনার লক্ষণ নিয়ে কেরানীগঞ্জের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি রাজধানীর বিভিন্ন হাসপাতালের মাধ্যমে নমুনা দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এমন দুইজনের শরীরের করোনার সংক্রমণের বিষয়টি রোববার দুপুরে তাদের জানানো হয়।

তিনি জানান, এতে আক্রান্তদের নাম ও মোবাইল নম্বর থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা ছিল না। শুধু কেরানীগঞ্জ লেখা ছিল। আক্রান্তদের সরবরাহ করা দুটি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় দেখা দেয় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক।

মীর মোবারক হোসাইন জানান, করোনায় আক্রান্ত দুজনের খোঁজে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। ওই পোস্ট দেখে পরিচিত এক ডাক্তার কেরানীগঞ্জে তার দুই আত্মীয়ের আক্রান্তের বিষয়টি তাকে জানান। পাশাপাশি ওই ডাক্তার কিছু তথ্য দেন।

তিনি জানান, ওই তথ্যের সূত্র ধরে রাত ১০টার দিকে গোলামবাজার এলাকায় গিয়ে আক্রান্ত দুজনের সন্ধান পাওয়া যায়। আক্রান্ত দুজন স্বামী স্ত্রী। রাতেই তাদের বাড়ি থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই বাড়ির কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com