মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

চাঁদপুরে নরসুন্দরদের মানবেতর জীবন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে চাঁদপুরে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলার প্রায় ১০ হাজার নরসুন্দর। ভাইরাস সংক্রমণ এড়াতে দোকান বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন তারা।

শীল সমিতির হিসাব মতে চাঁদপুর জেলাজুড়ে দুই হাজার ২৭৩টি সেলুন আছে। সেখানে কাজ করেন অন্তত ১০ হাজার নরসুন্দর (নাপিত)। দোকানপাট বন্ধ থাকায় উপার্জনও বন্ধ। উপার্জনের অন‌্য কোনো মাধ‌্যম না থাকায় তাই চরম বিপাকে পড়েছেন তারা।

চাঁদপুর জেলা শীল সমিতির সভাপতি চন্দন চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র শীল, সদস্য রঞ্জিত শীলসহ অন্যান্যরা জানান, চাঁদপুরের আটটি উপজেলার মধ্যে চাঁদপুর সদরে ৪১১টি সেলুন, হাজীগঞ্জে ৩৫০টি, শাহরাস্তিতে ২৫০টি, কচুয়ায় ৩০০টি, মতলব দক্ষিণে ২৮০টি, মতলব উত্তরে ১২১টি, হাইমচরে ২৫০টি এবং ফরিদগঞ্জে ৩১১টি সেলুন আছে। মালিক-শ্রমিক মিলিয়ে এসব সেলুনে গড়ে চারজন করে সদস‌্য হলেও তার প্রায় ১০ হাজার জনের মতো। এই সঙ্কটময় সময়ে সবাই বেকার হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে তাদের অর্ধাহার-অনাহারে দিন কাটছে।

তারা জানান, লকডাউনে বিভিন্নভাবে অসহায়দের সাহায্য সহোযোগিতা করা হচ্ছে। কিন্তু তারা সরকারি বা বেসরকারি কোনো সহায়তাই পাননি। তারা স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধিসহ সুধীমহলকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

চাঁদপুর জেলা প্রশাসনের এডিসি রেভেনিউ মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘নরসুন্দরদের বিষয়টি আমাদের নজরে ছিল না। এখন যখন তাদের অসহায়ত্বের বিষয়টি জেনেছি। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে দ্রুত তাদের জন্য কিছু করার চেষ্টা করব ‘তিনি আরও বলেন, ‘এ ছাড়া তারা যদি আমাদের ‘উপহার যাবে বাড়ি’ কার্যক্রমের হট নাম্বারে কল করেন। তাহলে আমরা তাদের অগ্রাধিকার নিশ্চিত করে দ্রুত খাদ্য সামগ্রী পৌঁছে দেবো।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com