মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালি প্রবাসী মোরশেদ আলমের (৪৫) অন্তঃসত্ত্বা স্ত্রীরও করোনা পজেটিভ এসেছে।
এ নিয়ে নোয়াখালীতে দুই জনের করোনা সনাক্ত হলো। আক্রান্ত ওই নারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে তার পরিবারের ১৯ জন সদস্যের।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম।
তিনি জানান, প্রবাসীর মৃত্যুর পর তার পরিবারের ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জনের নমুনা বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। যার মধ্যে আট জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে শুধু ওই নারীর করোনা পজেটিভ। অপর পাঁচ জনের রিপোর্ট এখনো আসেনি। গতকাল মঙ্গলবার বাড়ির অপর ছয় সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি তার বাড়িতে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ মোবাইল টিম কাজ করছে। ওই নারীর স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
প্রসঙ্গত, জ্বর, শ্বাস কষ্ট ও বুকে ব্যাথা নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি হওয়া ইতালি প্রবাসী ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই মৃত্যু হয় তার। পরে লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।
১১ এপ্রিল শনিবার দুপুরে আইইডিসিআর থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
নগরকন্ঠ.কম/এআর