সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে প্রায় ৪০০ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের বহনকারী একটি ট্রলার জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া শাখা সূত্রে জানা গেছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেরিন ড্রাইভ রোডের পশ্চিম পাশে জাহাজপুরা ঘাট এলাকা থেকে একটি বড় ফিশিং ট্রলার উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়। পরে ওই ট্রলার থেকে ৩৯৬ জন (১৫০ জন পুরুষ, ১৮২ জন মহিলা, ৬৪ জন শিশু) রোহিঙ্গাকে আটক করা হয়। এ সব রোহিঙ্গাদের খাবার প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও সেবা প্রদান করে কোস্টগার্ড।
উদ্ধারকৃত একজনের সাথে কথা বলে জানা গেছে, ৫৮ দিন ধরে ট্রলারটি সাগরে ভাসছিল। উদ্ধারকৃত রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্প হতে মালয়েশিয়া যাওয়ার জন্য সমুদ্রে পাড়ি জমায়। কিন্তু মালয়েশিয়া সমুদ্র সীমানায় মালয়েশিয়ান কোস্টগার্ড তাদের আটক করে কিছু খাবার, পানি ও জ্বালানী প্রদান করে ফেরত পাঠিয়ে দেয়। পরে তারা সেখান থেকে চলে এসে মিয়ানমারে প্রবেশের চেষ্টা করলে মিয়ানমার নৌবাহিনী তাদের বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার উদ্ধারকৃত রোহিঙ্গাদের ইউএনএইচসিআর বাংলাদেশের নিকট হস্তান্তর করা হয়।
নগরকন্ঠ.কম/এআর