সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশদাতাদের অর্থের উৎস খুঁজে দেখবে দুদক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যে বা যারা ডাক্তার-নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন প্রয়োজনে দুদক তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে টেলিফোনে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, জাতির এই সংকটময় সময়ে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এদের সাথে খারাপ আচরণ কিংবা কোন প্রকার অসম্মান করা আইনগতভাবেই অপরাধ।

তিনি বলেন, দেশে বিদ্যমান সংক্রামক রোগ আইন, ২০০১৮ অনুসারে এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিশ্বাস করি কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

দুদক চেয়ারম্যান বলেন, এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com