সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোরের লালপুরে ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চাওয়ায় নির্যাতিত কৃষক শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলার আঙ্গারীপাড়ায় গিয়ে কৃষকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ তার পাশে থাকার আশ্বাস দেন।
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস জানান, কৃষক শহিদুল ইসলামের প্রতি সহমর্মিতা জানাতে তার বাড়িতে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসাবে তার হাতে তুলে দেই।
কৃষক শহিদুলকে নির্যাতনের পেছনে যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান জেলা ছাত্রলীগের সভাপতি।
উল্লেখ্য গত ১০ এপ্রিল সরকারি সহায়তার নাম্বারে ফোন করে ত্রাণ চান কৃষক শহিদুল ইসলাম। বিষয়টি জেনে এলাকার সম্মান গেছে এমন অজুহাতে ১২ এপ্রিল ওই কৃষককে পেটান চেয়ারম্যান আব্দুস সাত্তার।
পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার ঝড় শুরু হয়। এঘটনায় মামলা হলে শুক্রবার সকালে চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।
নগরকন্ঠ.কম/এআর