সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

আদমদীঘি লকডাউন: সকালে ভিড়, দুপুরে ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা থেকে আসা এক পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হওয়ায় বৃহষ্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাতেই বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া গণবিজ্ঞপ্তির বার্তা পৌঁছে দিতে উপজেলার সব জায়গায় মাইকিং করা হয়। তবে শুক্রবার সকালে লকডাউন অমান্য উপজেলার সর্বত্র মানুষ আড্ডাসহ স্বাভাবিক চলাফেরা করতে থাকে। তবে প্রশাসন কঠোর হতে শুরু করলে দুপুরের পর ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট, বন্ধ হয় দোকানপাট, আড্ডা ছেড়ে মানুষজন বাড়িতে অবস্থান করে।

শুক্রবার সকালে নশরতপুর বাজার, সান্তাহার বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লার মোড়ে চা পান এবং অযথা আড্ডা দেওয়ার ছবি ফেসবুকে চলে আসায় সেসব আলোচনার বিষয় হয়ে ওঠে। এরপর বেলা গড়াতেই উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করলে ফাঁকা হয়ে যায় সেসব জায়গা। ফলে সকালে ভিড় জমালেও দুপুরে ফাঁকা হয়ে যাওয়ায় দৃশ্যপট পাল্টে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য পৌর শহরের সকল মহল্লায় ঘুরে মাইকিং করা হয়েছে। তাছাড়া থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ছিটানো হয়েছে। ঢাকা-নারায়নগঞ্জ ফেরতদের খোঁজ পেলে হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, যদি কেউ লকডাউন অমান্য করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com