সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাল ওজনে কম দেয়ায় রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি ও মতিঝিলে একটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৮ এপ্রিল) যাত্রাবাড়ী কলাপট্টি চালের পাইকারি আড়ৎ, মতিঝিলের এজিবি কলোনিসহ অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলসহ অন্যান্যরা।
আব্দুল জব্বার মন্ডল জানান, অভিযানে চাল ওজনে কম দেয়ার অপরাধে কলাপট্টির মেসার্স আহম্মেদ রাইসকে ১০ হাজার টাকা, মেসার্স আল আমিন রাইসকে ২ হাজার টাকা এবং মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন টিসিবির ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ে চিনি, ছোলা, ডাল ইত্যাদি ওজনে কম দেয়ার অপরাধে কুমিল্লা জেনারেল স্টোরকে (টিসিবির ট্রাক সেল) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় হ্যান্ডমাইকে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকরা মূল্যের চেয়ে বেশি মূল্যে ওই পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করে জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে বলে জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর