সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুরের মিঠাপুকুরে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ)। তার বাড়ি একই উপজেলার ইমাদপুর এলাকায়।
শনিবার (১৮ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক রয়েছেন। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অপর আক্রান্তদের একজন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার একজন। বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি লকডাউন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ডাক্তারসহ অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত (৮এপ্রিল) রংপুর মেডিক্যাল কলেজ ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়া ৫৬টি নমুনার মধ্যে মিঠাপুকুরে এক কলেজছাত্রের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়। তার বাড়ি উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায়। এ ঘটনার পর পরই ওই এলাকার ১৩টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। বর্তমানে মিঠাপুকুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দু’জনে।
নগরকন্ঠ.কম/এআর