সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগের ‘ত্রাণ নয়, উপহার’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হতদরিদ্রদের ঘরের দরজায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (১৮ এপ্রিল) রাতে এ কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে কয়েক দিন ধরে। স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলছেন, ত্রাণ নয়, উপহার হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

আজ রোববার (১৯ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ফিরোজ শেখ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এজন্য প্রায় ২০ জন নেতাকর্মী দিনরাত কাজ করছেন। আমাদের উপহার সামগ্রীর প্যাকেটের গায়ে লেখা হয়েছে—আর্ত মানবতার সেবায় আমরা। বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ এস এম পলাশ বলেন, সংগঠনের নেতাকর্মীদের টাকায় অসহায় মানুষ এবং স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দরিদ্র নেতাকর্মীদের খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্বেচ্ছসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে এই দুর্যোগময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। নেতাকর্মীরা রাতের আঁধারে অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। আমাদের এ কাজে সহযোগিতা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।’

তিনি আরো বলেন, ‘আমাদের পক্ষ থেকে যাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, ছবি প্রকাশ করে তাদের ছোট করতে চাই না। পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতি বিনীত অনুরোধ, সবাই করোনাযুদ্ধে এগিয়ে আসুন। আর এ খাদ্যসামগ্রীকে আমরা ত্রাণ হিসেবে বিবেচনা করতে চাই না। এটাকে ‘উপহার’ হিসেবে মূল্যায়ন করছি। পরবর্তীতেও আমাদের খাদ্যসহায়তা অব্যাহত থাকবে।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘নড়াইলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। তবুও অনেক অসহায় মানুষের কাছে এখনো খাদ্যসামগ্রী পৌঁছায়নি। যাদের কান্না চলছে নীরবে-নিভৃতে, আমাদের পক্ষ থেকে সেসব অসহায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com