সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালীগঞ্জে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ জন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেন।
ছাদেকুর রহমান আকন্দ জানান, গাজীপুর সিভিল সার্জন অফিস থেকেই আজ দুপুরে তথ্য পাঠিয়েছে। আর পাওয়ার সাথে সাথেই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়ে দিয়েছেন।
তবে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়া আক্রান্ত ব্যক্তিদের এলাকার নাম দিতে তিনি অপরাগতা প্রকাশ করেন। এরচেয়ে বেশি কিছু জানেন না বলে জানান ওই কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলার প্রথম করোনায় আক্রান্ত পাঁচ জন রোগী সনাক্ত হয়। এরপর ১৩ এপ্রিল আক্রান্ত হয় তিন জন, ১৪ এপ্রিল এক জন, ১৫ এপ্রিল পাঁচ জন, ১৬ এপ্রিল ২৩ জন, ১৭ এপ্রিল দুই জন, ১৮ এপ্রিল চার জন ও ১৯ এপ্রিল ৩১ জন। গত আট দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।
ইউএনও শিবলী সাদিক বলেন, ‘করোনা আক্রান্ত ৩১ জনকে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে আগামীকাল আইইডিসিআর-এ পাঠানো হবে।’
নগরকন্ঠ.কম/এআর