সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রথম দিন ল্যাবে চারটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শজিমেকের মাইক্রোবায়োলজি বিভাগে এই ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাবে মেডিক্যাল কলেজের দুজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারি অধ্যাপক ও ১২ জন প্রভাষক দায়িত্ব পালন করবেন। এর আগে তাদের এ বিষয়ে টেকনিশিয়ানরা ঢাকা থেকে এসে প্রশিক্ষণ দেন।
বগুড়া শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউর আলম জুয়েল জানান, বগুড়ার এই ল্যাব থেকে প্রতিদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। প্রথম দিনে চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পর্যায়ক্রমে নমুনা পরীক্ষা বেড়ে যাবে। এখানকার নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পাঠানো হবে আইইডিসিআরে। সেখান থেকে রিপোর্ট প্রকাশ করা হবে। তিনি আরও জানান, কেন্দ্রীয় ওষুধ সংরক্ষাণাগার থেকে নমুনা পরীক্ষার জন্য ১০০৮টি কিট, ৫০০ পিপিই ও মাস্ক পাওয়া গেছে। পর্যায়ক্রমে আরও প্রয়োজনীয় কিট, পিপিই ও মাস্ক পাওয়া যাবে। মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও বায়োকেমেস্ট্রি থেকে মোট ১৭ সদস্যের একটি টিম এই করোনাভাইরাসের পরীক্ষায় কাজ করবেন। বগুড়া মেডিকেল কলেজে এই ল্যাব স্থপনের মধ্যে দিয়ে বগুড়াসহ আশেপাশের কয়েকটি জেলা ও উপজেলার করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। শজিমেক এর ল্যাবে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া রোগীদের নমুনা দ্রুত রিপোর্ট পাওয়া যাবে।
এদিকে সোমবার সকালে ল্যাবের উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, শজিমেক হাসপাতারের পরিচালক ব্রিগে. জে. এএসএসএম খালেক ভুইয়া, শজিমেক অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, কলেজের উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার .জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, স্বাচিপ জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু, টিএমএসএস মেডিকেল কলেজের উপ নির্বাহি পরিচালক ডা. মতিউর রহমান।
প্রসঙ্গত, এর আগে করোনার নমুনা সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় রাজশাহী মেডিক্যালের ল্যাবে পাঠানো হতো। কোন ব্যাক্তির পজেটিভ রিপোর্ট এলেও অধকতর নিশ্চিত হতে এ নমুনা ঢাকায় আইইসিডিআর এ পাঠাতে হতো। ফলে রিপোর্ট পেতে বিলম্ব হতো।
নগরকন্ঠ.কম/এআর