সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নড়াইলে চেয়ারম্যানের চাল আত্মসাৎ, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইলের কালিয়ায় পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান মো. জারজিদ মোল্যার (৫২) বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শনিবার কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মো. মতিয়ার রহমান।

মামলার বিবরণে জানা যায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ে পেড়লী ইউনিয়নের অসহায় নারীদের ৩০ কেজি চালের জন্য ১৯০টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পেড়লী ইউপি চেয়ারম্যান ২০১৯ সারের জানুয়ারি মাস হতে চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত ৪০টন ৮০০ কেজি সরকারি চাল দুর্নীতি বা বেআইনি পন্থায় আত্মসাৎ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিশিকান্ত রায় বলেন, ‘নিয়মানুযায়ী অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে ভিজিডির চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা কখনই বিতরণ নীতিমালা অনুসরণ করেন না। তিনি ট্যাগ অফিসারকে চাল বিতরণের তারিখ অবহিত না করে নিজের ইচ্ছেমত চাল বিতরণ করেন’।

এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘পেড়লী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের এজাহার পেয়েছি। এ অভিযোগ থানায় একটি জিডি এন্ট্রি করে পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে।’

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদা বলেন, ‘চেয়ারম্যান মো. জারজিদ মোল্যার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

ইউপি চেয়ারম্যান মো. জারজিদ মোল্যার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com