সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মেহেরপুর জেনারেল হাসপাতালে ইদ্রিস আলী (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শরীরে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে আজ বুধবার (২২ এপ্রিল) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর দুপুরে তার মৃত্যু হয়। ইদ্রিস আলী মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের সুফল শাহ’র ছেলে।
আজ প্রথম মেহেরপুর জেলায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বল্লভপুর গ্রামে বসবাসকারী ব্র্যাকের যক্ষা প্রকল্পের এক কর্মকর্তা। মৃত্যুবরণ করা ইদ্রিস আলীর বাড়ি বল্লভপুর গ্রামের পাশাপাশি।
ইদ্রিস আলীর মৃত্যু ও নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মেহেপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ বলেন, ইদ্রিস আলীর শরীরে করোনা ভাইরাস আক্রান্তের তেমন কোন উপসর্গ ছিল না। তবে হাসপাতালের ডাক্তার ও নার্সরা যেহেতু ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ছাড়াই তার চিকিৎসা দিয়েছেন, তাই ইদ্রিস আলী করোনা আক্রান্ত ছিলেন কি না নিশ্চিত হওয়া জরুরি। এ কারণে তার শরীরের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর